পটিয়ায় ওয়ার্কশপে আগুন, পুড়ে ছাই দুই মাইক্রোবাসসহ তিন গাড়ি
নিজস্ব প্রতিনিধি : পটিয়া
চট্টগ্রামের পটিয়ায় অগ্নিকাণ্ডে পাশাপাশি থাকা দুটি মোটরগাড়ির ওয়ার্কশপ পুড়ে গেছে। আগুনে ওয়ার্কশপ দুটিতে থাকা দুটি হাইয়েস, একটি লেগুনা, টাকা ও মূল্যবান যন্ত্রপাতি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, এ ঘটনায় প্রায় ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উদ্যান উন্নয়ন কেন্দ্রের ফার্মগেট এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ও পটিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যায় ওই এলাকায় কাঁচাঘরে নির্মিত ‘মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’র কর্মচারীরা ইফতার করছিলেন। এ সময় হঠাৎ একটি গাড়িতে আগুন লাগে। মুহূর্তেই এটি পাশের কুলসুম ওয়ার্কশপে ছড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানতে চাইলে মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক উজ্জ্বল দাশ মুঠোফোনে দৈনিক চট্টগ্রামের আলো কে বলেন, ইফতার করতে বসার সময়ও তাঁরা গাড়ির কাজ করছিলেন। হঠাৎ একটি গাড়ির নিচ থেকে আগুন জ্বলে ওঠে। কয়েক মিনিট নিয়ন্ত্রণের চেষ্টা করেও তাঁরা ব্যর্থ হন। পরে পাশের ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে দ্রুত একটি দল ঘটনাস্থলে আসে। তবে এরই মধ্যে তাঁর ওয়ার্কশপে থাকা দুটি হাইয়েস, একটি লেগুনা, গাড়ি কেনার জন্য রাখা দুই লাখ টাকা এবং কাজ বাবদ রাখা প্রায় ১০ হাজার টাকা পুড়েছে।
পটিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রাজেশ বড়ুয়া প্রথম আলোকে বলেন, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পাশেই পানির উৎস না থাকায় কিছুটা বেগ পেতে হয়েছে। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দুটি ওয়ার্কশপই পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাজ করার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মফিজুর রহমান
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ মোরশেদুল আলম
মোবাইল: 01568799577
ইমেইল : dainikchattogrameralo905@gmail.com
অফিস: মা ভবন,আল মদিনা হাউজিং সোসাইটি ,
দারুল মা আরিফ, চান্দগাঁও, চট্টগ্রাম, বাংলাদেশ।
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫