রাজনীতি হচ্ছে মানুষের সেবার জন্য আমাদের নীতি হবে ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়-হুমাম কাদের চৌধুরী
নিজস্ব প্রতিনিধি:রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, রাজনীতি হচ্ছে মানুষের সেবার জন্য। আমাদের নীতি হবে—ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। দীর্ঘ ১৭-১৮ বছর আমরা কেউ শান্তিতে ছিলাম না, অনেকের বিরুদ্ধে এখনো মামলা রয়েছে। এই কষ্টের মধ্যেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
শুক্রবার ১৩ মার্চ বিকালে রাঙ্গুনিয়ার কাদের নগরে উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক কুতুব উদ্দিন বাহার।
বক্তব্যে হুমাম কাদের চৌধুরী ছাত্রদল ও যুবদলের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে অতীতের ত্যাগ ও ব্যবহার বিবেচনা করা হবে।
স্পষ্ট করে বলে দিতে চাই, কমিটিতে কোনো ‘তদবির বাণিজ্য’ চলবে না। যারা ১৭ বছর জান-প্রাণ দিয়ে দলের জন্য খেটেছেন, তারাই প্রাধান্য পাবেন।
তিনি আরো বলেন, আমার কোনো আলাদা গ্রুপ নেই, আমার গ্রুপ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের নেতা একজনই—তারেক রহমান।
প্রথমবার সংসদ সদস্য হিসেবে অধিবেশনে যোগদানের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, পবিত্র রমজান মাসে সংসদের যাত্রা শুরু করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। সংসদে সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শন করেছেন।" তিনি প্রতিশ্রুতি দেন, আগামী ৫ বছর নয়, আজীবন তিনি রাঙ্গুনিয়ার মানুষের সুখ-দুঃখের পাশে থাকবেন।
দলকে আরও শক্তিশালী করতে তিনি একটি নতুন সাংগঠনিক প্রস্তাব পেশ করেন। এখন থেকে প্রতি মাসের প্রথম শুক্রবার দলীয় নেতাকর্মীদের নিয়ে সম্মিলিত বৈঠকের আয়োজন করা হবে, যেখানে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সবার মতামতের ভিত্তিতে নেওয়া হবে।
নির্বাচনী ফলাফলের তথ্য তুলে ধরে তিনি বলেন, আমার কাছে প্রতিটি সেন্টারের হিসাব আছে। এই নম্বর বলে দেয় কে ঘুমিয়েছিল আর কে মাঠে খেটেছিল। বিশেষ করে মা-বোনেরা যেভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, তা প্রমাণ করে রাঙ্গুনিয়ায় একটাই দল—তা হলো খালেদা জিয়া ও তারেক রহমানের দল।
অনুষ্ঠানে হুমাম কাদের চৌধুরী আবেগপ্রবণ হয়ে তাঁর পিতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা স্মরণ করেন। তিনি বলেন, আজ আমার বাবার জন্মদিন। স্বপ্ন ছিল আব্বাকে সাথে নিয়ে সংসদে যাব। সশরীরে না পারলেও মনে তাঁকে ধারণ করি। আপনারা দোয়া করবেন যেন সংসদে দাঁড়িয়ে রাঙ্গুনিয়ার মানুষের কথা বলতে পারি।
ইফতারের আগে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি দেশ, দেশের মানুষ, প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া করার অনুরোধ জানান। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।
মাহফিলে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মফিজুর রহমান
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ মোরশেদুল আলম
মোবাইল: 01568799577
ইমেইল : dainikchattogrameralo905@gmail.com
অফিস: মা ভবন,আল মদিনা হাউজিং সোসাইটি ,
দারুল মা আরিফ, চান্দগাঁও, চট্টগ্রাম, বাংলাদেশ।
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫