
নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণে ফটিকছড়িতে
পার্টনার ফিল্ড স্কুলের সাফল্য
নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি,
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পার্টনার ফিল্ড স্কুল (PFS) পুষ্টি কর্মসূচি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফটিকছড়ি, চট্টগ্রাম কর্তৃক পরিচালিত একটি ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। এই কর্মসূচির মাধ্যমে প্রান্তিক কৃষক-কৃষাণীদের হাতে-কলমে পুষ্টি উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি শেখানো হচ্ছে। শুধু সবজি চাষে সীমাবদ্ধ না থেকে পরিবারে পুষ্টি নিশ্চিতকরণ, স্থানীয়ভাবে উৎপাদিত পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণে উদ্বুদ্ধকরণ এবং সঠিক রান্না পদ্ধতি সম্পর্কেও সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। একইসাথে বিষমুক্ত নিরাপদ শাকসবজি ও ফল উৎপাদনের আধুনিক প্রযুক্তি মাঠ পর্যায়ে সরাসরি প্রদর্শনের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ কার্যক্রমের আওতায় কৃষক সেবা কেন্দ্রের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি, বীজ সংরক্ষণ ও বালাই ব্যবস্থাপনা বিষয়ে নিয়মিত পরামর্শ প্রদান করা হচ্ছে। পাশাপাশি পুষ্টিভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা ইতোমধ্যে ইতিবাচক ফল দিতে শুরু করেছে। ফটিকছড়ি উপজেলার ক্ষিরাম পাহাড় এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝেও এই কার্যক্রম উল্লেখযোগ্য সাড়া ফেলেছে। স্থানীয় কৃষকরা এখন নিজেরাই নিরাপদ খাদ্য উৎপাদনে আগ্রহী হয়ে উঠছেন এবং পরিবারে পুষ্টিকর খাবারের চাহিদা পূরণে সচেতন হচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সালেক জানান “পার্টনার ফিল্ড স্কুল (পুষ্টি) কার্যক্রমের মাধ্যমে আমরা কৃষকদের শুধু চাষাবাদই শেখাচ্ছি না, বরং তাদের পুষ্টি সম্পর্কে সচেতন করে তুলছি। এতে একদিকে যেমন নিরাপদ খাদ্য উৎপাদন বাড়ছে, অন্যদিকে কৃষক পরিবারের পুষ্টি অবস্থারও উন্নয়ন ঘটছে। বিশেষ করে নারীদের সম্পৃক্ত করে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।”
Leave a Reply