
চিকিৎসার পাশাপাশি মানবিক উদ্যোগ: ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে আম-লিচু বিতরণ
নিজস্ব প্রতিবেদক:
চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের পুষ্টি ও মানসিক স্বস্তি নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
শনিবার (৬ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন প্রায় অর্ধশত ভর্তি রোগীর হাতে আম ও লিচু তুলে দেন হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীদের পুষ্টির চাহিদা পূরণ, মানসিকভাবে প্রাণবন্ত রাখা এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে সহায়তা করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
চিকিৎসার পাশাপাশি মানবিক সহমর্মিতা ও পুষ্টিকর খাদ্য রোগীর আরোগ্য লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—এ বিশ্বাস থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
ফল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কামরুল হাসানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অনেক রোগী দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকেন। এ সময়ে ওষুধের পাশাপাশি পুষ্টিকর খাবার, আন্তরিকতা ও মানবিক আচরণ তাঁদের শারীরিক ও মানসিক সুস্থতায় ইতিবাচক প্রভাব ফেলে। সেই বিবেচনায় মৌসুমী ফল বিতরণের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ফল পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগী ও তাঁদের স্বজনেরা। কয়েকজন স্বজন বলেন, এমন উদ্যোগ রোগীদের মনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এতে তাঁরা নিজেদের প্রতি হাসপাতাল কর্তৃপক্ষের বাড়তি যত্ন ও আন্তরিকতার ছোঁয়া অনুভব করছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম বলেন, “রোগীদের শুধু ওষুধ দিলেই দায়িত্ব শেষ হয় না। তাঁদের পুষ্টি, মানসিক সুস্থতা ও সার্বিক কল্যাণের বিষয়েও সমান গুরুত্ব দিতে হয়। ছোট ছোট এমন মানবিক উদ্যোগ রোগীদের মন ভালো রাখতে এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে সহায়তা করে।”
Leave a Reply