
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার উৎপাদনকারী কারখানা অ্যামোনিয়া সংকটের কারনে বন্ধ
নিজস্ব প্রতিবেদক:
চট্রগ্রামের আনোয়ারায় অ্যামোনিয়া সংকটের কারণে বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার উৎপাদনকারী কারখানার কার্যক্রম। এতে দেশের সার সরবরাহ ব্যবস্থা ও কৃষি উৎপাদনে সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
তবে, সংশ্লিষ্টরা জানিয়েছেন দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে অ্যামোনিয়া উৎপাদন পুনরায় শুরু করা যাবে।
শনিবার ১৮ই (এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত কারখানাটির অ্যামোনিয়া মজুত শেষ হয়ে গেলে উৎপাদন বন্ধ হয়ে যায়।
তথ্য সূত্রে জানা গেছে, গেল ৪ই (মার্চ) গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকোতে) ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠার পর থেকেই ডিএপি কারখানাটি এই দুই প্রতিষ্ঠান থেকেই অ্যামোনিয়া সংগ্রহ করে উৎপাদন চালিয়ে আসছিল।
ফলে ওই ২টি কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই ডিএপিএফসিএলের কাঁচামাল সরবরাহ পুরোপুরি স্থবির হয়ে পড়ে। সংকট মোকাবিলায় মজুত অ্যামোনিয়া দিয়ে কিছুদিন উৎপাদন চালু রাখা হলেও শেষ পর্যন্ত তা ফুরিয়ে গেলে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিকটন উৎপাদন ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিট রয়েছে। ২০০৬ সাল থেকে এটি বাণিজ্যিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করে আসছে।
কারখানার ব্যবস্থাপক প্রশাসন ও বিভাগীয় প্রধান প্রশাসন আলমগীর জলিল বলেন, গত ৪ই মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুত দিয়ে উৎপাদন চালু রাখা হয়েছিল, তবে এখন তা শেষ। নতুন করে অ্যামোনিয়া সরবরাহ শুরু না হলে উৎপাদন পুনরায় চালু করা সম্ভব নয়।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত এই কারখানাটি দেশের কৃষিখাতে সুষম সার ব্যবহারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। হঠাৎ কারখানার উৎপাদন কার্যক্রাম বন্ধ হয়ে যাওয়ায় কৃষি উৎপাদনে উদ্বেগ দেখা গেছে। এরমধ্যে বন্ধ রয়েছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকোতে) ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন।
Leave a Reply