ফটিকছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা”২০২৬”শুরু
ফটিকছড়ি প্রতিনিধি: “‘স্মার্ট ভূমি ব্যবস্থাপনায় সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ – এই লক্ষ্যকে সামনে রেখে ফটিকছড়িতে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯শে মে) সকাল ১০টায় প্রধানমন্ত্রী রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবন থেকে ভার্চুয়ালি দেশব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এর ধারাবাহিকতায় ফটিকছড়ি উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম সভাপতির বক্তব্যে বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত নানা জটিলতা সম্পর্কে সরাসরি পরামর্শ ও সমাধান পাচ্ছেন।
সরকারের লক্ষ্য হলো ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণভাবে ডিজিটাল, স্বচ্ছ ও জনবান্ধব করা। এতে হয়রানি কমবে, সময় ও খরচ সাশ্রয় হবে এবং জনগণ ঘরে বসেই অধিকাংশ ভূমিসেবা গ্রহণ করতে পারবেন।
তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত সেবায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ফলে দুর্নীতি ও ভোগান্তি অনেকাংশে হ্রাস পেয়েছে। জনগণকে এ ধরনের সেবা সম্পর্কে সচেতন করতে এবং সেবাগ্রহণে উৎসাহিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, ফটিকছড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সারোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম ও মুহিবুল্লাহ বাহার।
এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, উপজেলা সমবায় কর্মকর্তা শহীদ ভূঁইয়া এবং সদর তহসিল কর্মকর্তা শাহজাহান সিরাজী।
অনুষ্ঠানের সম্পূর্ণ সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা ভূমি অফিসের দপ্তর-তত্ত্বাবধায়ক (নাজির) ফরহাদ হোসেন।
এ মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, অনলাইন আবেদনসহ বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে সরাসরি তথ্য ও সহায়তা প্রদান করা হচ্ছে।
আয়োজক কর্তৃপক্ষের মতে, আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব উপায়ে নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই এই মেলার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত জটিলতা থেকে মুক্তি পেয়ে খুব সহজেই প্রযুক্তিনির্ভর ভূমিসেবা গ্রহণ করতে পারবেন।
Leave a Reply