হাসনাত আবদুল্লাহর চট্টগ্রাম সফর ঘিরে অবস্থান পরিষ্কার করেছেন: মনজুর আলম
বিশেষ প্রতিনিধি: নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ চট্টগ্রামে সফর ও সাবেক মেয়র মনজুর আলমের বাসায় যাওয়া নিয়ে জাতীয় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। বিষয়টি নিয়ে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন মনজুর আলম।
মনজুর আলম বলেছেন, হাসনাত আবদুল্লাহ আগে থেকে ফোন করে তাঁর বাসায় আসছেন বলেন। দুপুরের খাবার শেষে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক প্রেক্ষাপট, যুদ্ধ এবং সামষ্টিক অর্থনৈতিক সংকট নিয়ে সাধারণ আলোচনা হয়।
তবে ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক প্রস্তাব দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, ওই সময় এলাকার কিছু ছেলে বাইরে জড়ো হয়েছিল, স্লোগানও দিয়েছে।
প্রথমে বিষয়টি তিনি গুরুত্ব দেননি। পরে বিষয়টি হাসনাত আবদুল্লাহর কানে গেলে তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেন।
পরে তিনি নিজেই বাইরে গিয়ে ছেলেদের সঙ্গে কথা বলেন, তাদের বোঝান, শান্ত করেন।
মেয়র নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মেয়র নির্বাচনের এখনো তফসিল হয়নি, কোনো তারিখও নির্ধারণ হয়নি। তাই এখনই নির্বাচন করবো কি-না, তা বলার সুযোগ নেই। মেয়র নির্বাচন ছোট বিষয় না। ৪১টি ওয়ার্ড, ৭০-৮০ লাখ মানুষ, ১৮-২০ লাখ ভোটার। এই দায়িত্ব নিতে হলে প্রস্তুতি লাগে। আমি তো সেরকম কোনো প্রস্তুতি নিইনি।
২০১৫ সালে নির্বাচন বর্জনের দিনই তিনি রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন উল্লেখ করে বিএনপির এ সাবেক মেয়র বলেন, এরপর আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত হইনি। এখন সমাজসেবা, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক কাজ নিয়েই আছি। বিএনপিতে আমার পদ-পদবি ছিল। সদস্য ছিলাম, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদেও দায়িত্ব পালন করেছি। তবে আওয়ামী লীগে কোনো পদ ছিল না। যদিও আমার বাবা ও পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
বেগম খালেদা জিয়ার প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। তিনি মেয়র থাকাকালে তাঁর আশীর্বাদ পেয়েছেন। তাঁর মৃত্যু পরবর্তী সময়ে দোয়া মাহফিল, খতমে কোরআন, ইফতার আয়োজন করেছেন। পাশাপাশি তাঁর নামে স্কুল, মসজিদ ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানও করেছেন।
বর্তমান মেয়র প্রসঙ্গে তিনি বলেন, উনি আমার দৃষ্টিতে ভালো মানুষ। উনি এখন দায়িত্ব পালন করছেন। দল চাইলে উনাকেই আবার মনোনয়ন দিতে পারে।
তিনি আরও মন্তব্য করে বলেন,
তবে ভবিষ্যতে কী হবে, তা সময়ই বলে দেবে।
Leave a Reply