
কক্সবাজারে পেকুয়ায় নারী মাদক ব্যবসায়ী আটক ৩ ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করা হয়েছে। এসময় আটককৃতদের কাছ থেকে ২৯৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল রবিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকার রেজাউল করিমের বাড়িতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করেন।
আটকৃতরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউপির নুর আহমদের স্ত্রী মোস্তফা বেগম (৪১), বাড়ির মালিক রেজাউল করিম (৫৮) ও রেজাউল করিমের ছেলে আব্দুর রহিম (২৮)। যৌথ বাহিনী সূত্রে জানা যায়, শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। যৌথ বাহিনী মাদক ও মাদক ব্যবসা নির্মূলে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি মাদক কারবারি চক্র শিলখালী কাছারিমুড়া এলাকায় অবস্থান নিশ্চিত হয়,রবিবার দিবাগত রাত ১টার দিকে পেকুয়া আর্মি ক্যাম্প (১৬ ক্যাভ্যালরি) ক্যাপ্টেন রাইয়ান ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ৩ মাদক কারবারিকে ২৯৭ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য আটককৃতদের পেকুয়া থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে পেকুয়া থানার ওসি দৈনিক চট্টগ্রামের আলোকে বলেন, শিলখালী কাছারিমুড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ১ নারীসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের দেহতল্লাশি করে ২৯৭ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়। আটককৃতরা বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকে। তিনি বলেন, মাদক নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply