
এবার ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে ঘরমুখো মানুষের জন্য ব্যাপক নিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক :
এবার ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে ঘরমুখো মানুষের ব্যাপক নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রেল মন্ত্রণালয়ের নির্দেশনায় ঢাকা জেলা রেলওয়ে পুলিশ ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে। অজ্ঞান পার্টি, চুরি, ছিনতাই ও টানা পার্টিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ঈদযাত্রার সময়ে কমলাপুর রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে যে কোনো হকারের প্রবেশ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে জনসমাগমপূর্ণ স্টেশনগুলোতে ঢাকা রেলওয়ে পুলিশের পাশাপাশি অন্য বিভাগের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে, যাতে যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করা যায়।
ঢাকা জেলা রেলওয়ে পুলিশের এই ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন সদ্য যোগদানকারী পুলিশ সুপার (এসপি) মো. শফিকুর রহমান দৈনিক চট্টগ্রামের আলোকে বলেন,
ঢাকা রেলওয়ে জেলায় সদ্য যোগদানের পর থেকেই তিনি কাজ শুরু করেছেন। রেল মন্ত্রণালয়ের নির্দেশনা এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে ঢাকা বিভাগের স্টেশনগুলোতে যাত্রীদের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে।
ঈদুল ফিতর ও ঈদুল আজহা—মুসলমানদের সবচেয়ে বড় দুটি উৎসবে ঢাকা থেকে সবচেয়ে বেশি মানুষ ট্রেনে করে নিজ নিজ গন্তব্যে যান। সে কারণেই এবারের ঈদ যাত্রায় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং এ বিষয়ে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা জেলা রেলওয়ে পুলিশের তত্ত্বাবধানে কমলাপুর রেলস্টেশনসহ যেসব স্টেশনে যাত্রী সমাগম বেশি, সেখানে রেলওয়ে পুলিশের পাশাপাশি অন্য বিভাগ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। একইসঙ্গে রেলওয়ে গোয়েন্দা পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থাও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে।
এসপি শফিকুর রহমান আরও বলেন, ঈদ যাত্রায় অজ্ঞান পার্টি, চুরি, টানা পার্টি ও ছিনতাই প্রতিরোধে ঢাকা রেল স্টেশনগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদ যাত্রাকালে বাইরের কোনো ভ্রাম্যমাণ হকারকে রেলস্টেশন এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।
স্টেশন ও ট্রেনে নজরদারি জোরদার করা হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।
সম্প্রতি অজ্ঞান পার্টির এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধে আগে থেকেই আটটি মামলা ছিল। গ্রেপ্তার করা আসামি স্টেশনে প্রবেশ করে সুকৌশলে যাত্রীদের বিভিন্ন জিনিস খাইয়ে অজ্ঞান করে মালামাল টাকা-পয়সা লুট করতো।
এসপি জানান, টিকিট কালোবাজারি রোধ এবং জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ওঠা ঠেকাতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। ঈদ উপলক্ষে সব রেলওয়ে থানা পুলিশ ও রেলওয়ে গোয়েন্দা পুলিশ বাড়তি সতর্কতায় কাজ করছে, যাতে যাত্রীরা নিরাপদ ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন।
এদিকে ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, আমাদের নতুন এসপি স্যারের নির্দেশক্রমে যাত্রীদের নিরাপত্তার জন্য আমরা কাজ করে চলছি। ১৩ মার্চ থেকে ঈদের বিশেষ ট্রেন চলাচল শুরু হবে।
ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপত্তার জন্য কোনো হকার কমলাপুর রেলস্টেশনে প্রবেশ করতে পারবে না। এছাড়া অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply