
ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের নতুন নির্দেশনা
আন্তজার্তিক ডেস্ক:
বিশ্বজুড়ে মুসলমানরা পালন করছেন রমজানের রোজা। পবিত্র রমজান মাসে মুসলিম উম্মাহদের মধ্যে ওমরাহ পালন করতে আগ্রহ আরও বেড়ে যায়। এ পরিস্থিতিতে সৌদি আরব কর্তৃপক্ষ রমজানে মক্কার গ্র্যান্ড মসজিদে ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করার জন্য নতুন নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, নামাজের আগে ও পরে কেন্দ্রীয় এলাকায় অতিরিক্ত ভিড় হয়। এজন্য মুসল্লিদের নির্ধারিত পথ, সাইনবোর্ড ও নিরাপত্তা কর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। প্রবেশপথে ডিজিটাল সংকেত বসানো হয়েছে—সবুজ মানে জায়গা খালি, লাল মানে পূর্ণ।
যানজট কমাতে ব্যক্তিগত গাড়ির ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। মুসল্লিদের বাস, ট্যাক্সি ও হারামাইন হাই-স্পিড রেলওয়ে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় এলাকায় মোটরসাইকেল, সাইকেল ও অনুমোদনবিহীন যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান ও বৈদ্যুতিক কার্টের ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের ঘন ভিড় এলাকায় নিয়ে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, পানিশূন্যতা এড়াতে পর্যাপ্ত পানি পান করা, যথাযথ বিশ্রাম নেওয়া, অগ্নিনিরাপত্তা বিধি মানা এবং ডিজিটাল অনুমতিপত্র সংগ্রহ বাধ্যতামূলক। এছাড়া অস্ত্র বহন, ভিক্ষাবৃত্তি, অননুমোদিত বিক্রি ও চলাচলে বাধা সৃষ্টি কঠোরভাবে নিষিদ্ধ।
সৌদি কর্তৃপক্ষের এই নির্দেশনা রমজানে মক্কার গ্র্যান্ড মসজিদে নিরাপদ ও শান্তিপূর্ণ ওমরাহ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে জারি করা হয়েছে।
Leave a Reply