গভীর রাতে মিয়ানমারে ভূকম্পন, বাংলাদেশেও কম্পন অনুভূত
আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যরাতে মিয়ানমারের ৭৪ কিলোমিটার পশ্চিমে ৫ মাত্রার ভূমিকম্প হওয়ায় এর মৃদু প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রবিবার (১০ই মে) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে অনুভূত এই ভূকম্পন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ইয়েনাংইয়াউং শহর থেকে ৭৪ কিলোমিটার পশ্চিমে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৯ কিলোমিটার গভীরে।
রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ। এর মৃদু প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলেও। চট্টগ্রাম থেকে মিয়ানমারের ইয়েনাংইয়াউং শহরটি প্রায় ৩৮০ কিলোমিটার দূরে অবস্থিত।
এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. আব্দুর রহমান খান জানান, ভূমিকম্প হয়েছে মূলত মিয়ানমারে। চট্টগ্রামে সেটি কয়েক সেকেন্ড অনুভূত হয়েছে। এতে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে আসেনি।
এর আগে, শনিবার (৯ই মে) বিকেল ৩টা ১০ মিনিটে রংপুরসহ দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। ভারতের আসামের বিলাসিপাড়ায় উৎপত্তিস্থল এই ভূকম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী হলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Leave a Reply